খুলশী থানা থেকে লুট হওয়া দুটি পিস্তল উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের খুলশী থানা আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে ডিবি ও ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছেন, উদ্ধার হওয়া দুটি ৯ মিলিমিটার পিস্তল ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় থানা থেকে অস্ত্র দুটি লুট হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রগুলো হেফাজতে রাখা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, শনিবার মাদক মামলার আসামি মো. আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি শাহীনুর আলম।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশঙ্কা, উদ্ধার না হওয়া অস্ত্রগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top