স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের হতাশা, চোট এবং ফিটনেস নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের পর আবারও নিজের সেরা রূপের আভাস দিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে মাঠে নেমে জোড়া গোল করলেও শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি তিনি। চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস।
রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ৩৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। সতীর্থের সঙ্গে চমৎকার সমন্বয়ের পর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উদ্যাপনও করেন তিনি।
তবে বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৫১ ও ৬২ মিনিটে পরপর দুটি গোল করে এগিয়ে যায় চ্যাপেকোয়েন্স। হার এড়াতে মরিয়া সান্তোস শেষ পর্যন্ত ৮৯ মিনিটে পেনাল্টি পায়। স্পট কিক থেকে দ্বিতীয় গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন নেইমার।
এই ম্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নেইমারের পুরো ৯০ মিনিট মাঠে থাকা। সাম্প্রতিক সময়ে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে পূর্ণ সময় খেলার সুযোগ খুব একটা পাননি তিনি। তাই এই পারফরম্যান্স তার ছন্দে ফেরার ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। ফিটনেস পুরোপুরি ফিরে না পাওয়ায় কোচ কার্লো আনচেলত্তি তাকে প্রথম একাদশে রাখেননি। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ব্রাজিল বিদায় নিলেও দলের একমাত্র গোলটি এসেছিল নেইমারের পেনাল্টি থেকে।
বিশ্বকাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক রহস্যময় বার্তায় ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও সেটি জাতীয় দল নাকি বিশ্বকাপকে ঘিরে ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এরপর ছুটির সময় পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের ব্যক্তিগত সময়কে সম্মান করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অনুশীলন ও মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান বলেও জানান।
সব বিতর্কের মাঝেও সান্তোসের জার্সিতে জোড়া গোল করে নেইমার প্রমাণ করলেন, তিনি এখনও বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর জন্য প্রস্তুত। দীর্ঘদিন পর পূর্ণ সময় খেলে দুটি গোল করা তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় ইঙ্গিত বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
চাটগাঁ নিউজ/এমকেএন






