চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় মোবারক নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে মোবারককে অস্ত্রসহ আটক করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তার মোবারক এলাকায় ‘গলাকাটা ইমন’ নামে পরিচিত এবং চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মোবারক নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





