মাসকাটে যাত্রীর মৃত্যু, আটকে আছে বিমানের ফ্লাইট

চাটগাঁ নিউজ ডেস্ক: বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে আছে উড়োজাহাজটি। উড়োজাহাজ থেকে মরদেহ নামানোর জন্য রয়্যাল ওমান পুলিশের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটির পরবর্তী যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানে থাকা অন্য যাত্রীরাও।

বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে জরুরি অবতরণ করে। উড়োজাহাজে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তার চিকিৎসার জন্য জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই যাত্রীর মৃত্যু ঘটে।

মাসকাট বিমানবন্দরে অবতরণের পর মৃত যাত্রীর মরদেহ উড়োজাহাজ থেকে নামানোর প্রক্রিয়া শুরু হয়। তবে ওমানের আইন অনুযায়ী, উড়োজাহাজ থেকে মরদেহ নামাতে রয়্যাল ওমান পুলিশের অনুমোদন প্রয়োজন। এখনো সেই অনুমতি না মেলায় মরদেহটি উড়োজাহাজের ভেতরেই রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে মরদেহ নামানোর অনুমতির জন্য ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অনুমতি পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মরদেহটি উড়োজাহাজ থেকে নামানো হবে। এরপর ফ্লাইটটি পুনরায় যাত্রা করবে কি না এবং কখন করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দীর্ঘ সময় উড়োজাহাজটি বিমানবন্দরে অবস্থান করায় বিপাকে পড়েছেন অন্যান্য যাত্রীরা। তাদের গন্তব্যে পৌঁছানোর সময়ও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিমান সূত্র জানিয়েছে, ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অনুমতি মিললেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বিজি-১৩৬ ফ্লাইটটির বুধবার বেলা ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top