ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ!
অনুমতি নেয়নি রাবার বাগান কর্তৃপক্ষ

রাহাতুল আরেফিন, ফটিকছড়ি (উত্তর): চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে সংরক্ষিত বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ ও প্রশস্ত করার অভিযোগ উঠেছে তারাখোঁ রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাগানের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য প্রায় ছয় কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। এতে কোথাও ১০ থেকে ১২ ফুট উচ্চতার টিলা কেটে ফেলা হয়েছে।

তবে এ কাজের জন্য বন বিভাগ কিংবা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, দাঁতমারা বাজারের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে সরু একটি সড়ক। কিছু দূর পর্যন্ত কার্পেটিং করা হলেও এরপর সড়কটি কাঁচা। দুই পাশে ছোট-বড় রাবারগাছের সারি। কোথাও বসতবাড়ি, কোথাও ধানখেত, আবার কোথাও সড়কের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পাহাড়-টিলা। দাঁতমারা বাজার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে তারাখোঁ রাবার বাগানের কার্যালয়।

সেই কার্যালয় পেরিয়ে সামনের দিকে এগোতেই চোখে পড়ে টিলা কেটে সড়ক তৈরির চিহ্ন। কোথাও টিলা কেটে ২০ থেকে ৩০ ফুট নিচ পর্যন্ত সমতল করা হয়েছে। বাগান কার্যালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যরতলী এলাকায় দেখা যায়, আরও একটি টিলা কেটে সড়ক প্রশস্ত করা হয়েছে। প্রায় ৪০০ থেকে ৫০০ ফুট এলাকাজুড়ে টিলা কেটে সড়কটি চওড়া করা হয়েছে। কোথাও ১০ ফুট, আবার কোথাও ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। কাটা অংশের উচ্চতা প্রায় ১০ থেকে ১২ ফুট।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি অব্যবহৃত অবস্থায় ছিল। বাগান প্রতিষ্ঠার পর থেকে সড়কটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। সম্প্রতি বাগান কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনে টিলা কেটে সড়কটি চলাচলের উপযোগী করছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ‘এটি অনেক আগের সড়ক। দীর্ঘদিন মানুষ চলাচল করত না। এখন বাগান কর্তৃপক্ষ ১০-১২ ফুট উঁচু টিলা কেটে সড়কটি নিজেদের ব্যবহারের উপযোগী করেছে। বাগান প্রতিষ্ঠার পর সড়কটি আর সংস্কার করা হয়নি।’

জানা গেছে, অর্ধশত বছরের পুরোনো তারাখোঁ রাবার বাগানটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত। বাগান কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ১৯৮২-৮৩ অর্থবছরে ১১৮ একর জমিতে বাগান সৃষ্টির মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে বাগানের মোট আয়তন ২ হাজার ৯৪০ একর। এর মধ্যে উত্তোলিত বাগানের পরিমাণ ২ হাজার ৫০৯ একর এবং অফিস, বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনার জন্য রয়েছে ৪৩১ একর। এটি দেশের অন্যতম বৃহৎ রাবার বাগান। এ বাগানের উৎপাদন সক্ষমতা সংশ্লিষ্ট জোনের মোট উৎপাদন সক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ।

সড়ক সংস্কার ও টিলা কাটার বিষয়ে তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন, ‘নিজেদের প্রয়োজনে সড়কটি সংস্কার করা হচ্ছে। আগে যেভাবে সড়কটি ছিল, তার কিছুটা সংস্কার করে সেভাবেই করা হচ্ছে। সেখানে বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিষয়টি আসে না।’

তবে পরিবেশ অধিদপ্তর বলছে, এ ধরনের কাজে অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিচার্জ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমার জানামতে- কেউ অনুমতি নেয়নি। আইন অনুযায়ী বনের ভেতর সড়ক নির্মাণের সুযোগ নেই। সবার এ আইন মেনে চলা উচিত। বনের ভেতর সড়ক হলে জবরদখলসহ নানা সমস্যা তৈরি হয়। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

বন বিভাগের তথ্যমতে, সড়কটির প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার অংশ গেজেটভুক্ত সংরক্ষিত বনের ভেতরে পড়েছে। এ বনে সড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা। সড়ক সংস্কার বা প্রশস্ত করার উদ্যোগ নেওয়ার আগে বন বিভাগের অনুমতি নেওয়া হয়নি। সড়কটি প্রশস্ত হলে বনের ভেতরে যানবাহন ও মানুষের প্রবেশ সহজ হবে। এতে গাছ চুরি, বন্য প্রাণী শিকার এবং নতুন করে বনভূমি দখলের আশঙ্কা বাড়তে পারে। ফলে বনভূমি সংকুচিত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘বন বিভাগের অভ্যন্তরীণ জায়গায় সড়ক হলে সেখানে জবরদখল বাড়বে। এতে বনভূমি কমার পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব পড়বে। বন আইনের ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেবে বন বিভাগ।’

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top