ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধ, দ্বীপে আটকা দেড় হাজার পর্যটক

চাটগাঁ নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে দ্বীপে ভ্রমণে যাওয়া দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন।

ঢাকা থেকে আসা এক পর্যটক জানান, ভোরে পরিবারসহ সেন্টমার্টিনে যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে ঢাকা থেকে আসি। এখানে এসে শুনলাম আজ জাহাজ যাবে না। যেখান থেকে টিকিট কেটেছি, তাদের সঙ্গে যোগাযোগ করলাম। আজকে কক্সবাজারেই থাকতে হবে। আজকে কক্সবাজারেই থাকতে হবে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, গত মঙ্গলবার ও বুধবার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে দ্বীপে অবস্থান করছেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে হবে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আগামী ২০ নভেম্বর ঘূর্ণিঝড়টি সমুদ্র থেকে উঠে এসে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি রয়েছে।

এদিকে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, বৃহস্পতিবার টিকেট কাটা পর্যটকদের ভ্রমণ শেষ পর্যন্ত সম্ভব না হলে, তাদের টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে। আবহাওয়া অনুকূলে এলে পর্যটকেরা একই টিকিট ব্যবহার করে পরবর্তী সময়ে দ্বীপে যেতে পারবেন।

চলতি বছরের ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। এ মৌসুমে এ রুটে ৫টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। মৌসুম শুরুর পর থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করে পর্যটকের সংখ্যা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top