চাটগাঁ নিউজ ডেস্ক: জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খান তালাত মাহমুদ রাফি দাবি করেন, ‘বুধবার রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে তারা। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মারে বাঁচাইসে।’
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির বাবা-মা। তবে প্রতিবেশীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নেভানো হয়েছে। ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাফি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার গ্রামের বাড়িতে এই আগুন দিয়েছে। তারা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর মাধ্যমে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় আমার বাবা-মা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আমার ঘুমন্ত বাবা-মা।’
ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমারে আম্মা ফোন দিয়া কইলো, “ভয় পাইয়ো না বাবা, আমরা কখনও কারও ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো।” আল্লাহ আমার আব্বা-আম্মাকে হেফাজত করো।’ এ সময় তিনি ঘটনার কয়েকটি ছবিও পোস্ট করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, গতকাল রাত ৩টার দিকে সমন্বয়ক রাফির বাড়িতে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে আমরা জেনেছি। এ সময় পরিবারের লেকজন জেগে যাওয়ায় আর আগুন দিতে পারেনি। চিৎকার শুনে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করারও চেষ্টা চলছে বলে ওসি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ






