মাতারবাড়ী বন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু 
আহত ১

মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে মাতারবাড়ী প্রকল্পের বন্দর সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এতে নিহতরা হলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার বাসিন্দা জয়নাল আবদীনের পুত্র মো. শাহীন (২৪) ও আব্দুস ছালামের পুত্র সৌদি ফেরত মো. ইকবাল (২৫)। এছাড়া আহত যুবক একই এলাকার দেলোয়ারের পুত্র মোহাম্মদ কাইয়ুম (২৪)। তারা পরস্পর আত্মীয় ও বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। সন্ধ্যার পর বন্দর সড়কে ঘুরাঘুরির পর তারা বাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সড়ক পিচ্ছিলের পাশাপাশি কুকুর সামনে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারালে বাইক থেকে ছিটকে পড়ে আরোহীরা। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুইজনকে একসঙ্গে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

কালারমারছড়া ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ বলেন, দুইজনের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুই স্বজনের একসঙ্গে হারানোর শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কারণ অনুসন্ধান শুরু করে মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী খানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটগাঁ নিউজ/হোবাইব/জেএইচ

Scroll to Top