আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) মা ও শিশু হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের তৃতীয় তলায় থাকা নবজাতকদের নার্সারিতে স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একজন চিকিৎসক শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।
ইসলামাবাদ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স কাজ করে। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় এবং দমকলকর্মীরা হাসপাতালের বিভিন্ন অংশ ঠাণ্ডা করার কাজ শুরু করেন।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মুস্তাফা কামাল জানিয়েছেন, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ১৫ টি শিশু সম্পূর্ণভাবে দগ্ধ হয়েছে।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করতে অতিরিক্ত সহকারী কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত পিমস পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও গত সপ্তাহে এই হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





