চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীতে মুখোমুখি শিবির-ছাত্রদল

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠানে উৎসবের মধ্যে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, কেউ আহত হননি।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আয়োজন শুরু হয়। র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে নিরাপত্তা দপ্তর মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে কেক কাটা, ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় কাজ থাকায় তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণা, কৃষি, সমুদ্র, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর বিষয়েও ভাবতে হবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি অনুমোদন হয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনাও দ্রুত বাস্তবায়ন করা হবে। যাতায়াতের সুবিধা বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

খাবার নিয়ে অসন্তোষ সাবেক শিক্ষার্থীদের
হীরকজয়ন্তী অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক শিক্ষার্থীদের কেউ কেউ। ৪৩তম ব্যাচের মৌসুমি ভট্টাচার্য জানান, খাবারের জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও তিনি তা পাননি। পরে খাবার না খেয়েই অনুষ্ঠানস্থল ছাড়েন তিনি।

ক্ষোভ প্রকাশ করে মৌসুমি ভট্টাচার্য বলেন, ‘আমরা এক হাজার টাকা দিয়ে নিবন্ধন করেছি। অনেক আশা নিয়ে অনুষ্ঠানে এসেছিলাম। এসে এমন পরিস্থিতির শিকার হব, ভাবিনি।’

একই ধরনের অসন্তোষ জানান ২১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী তোফায়েল হাসান। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে এসেছি। খাবার নিয়ে এমন ঘটনা ঘটা আসলে মর্মাহত করেছে।’

মুখোমুখি শিবির-ছাত্রদল
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে আসে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব। তিনি জানান, আহত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনাস্থলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনকে শিবিরের সভাপতিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘রনি, তোমার ছেলেরা আমাদের ধাক্কা দিয়েছে। পরে তোমাদের দেখে নিব।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদ্‌যাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।’

ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, হীরকজয়ন্তী অনুষ্ঠানের পাশে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এ সময় শিবিরের একটি মিছিল থেকে স্লোগান দিতে দিতে ক্যাপ-গেঞ্জি পরা স্কুলশিশুদের নিয়ে অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে আসতে দেখা যায়। অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কায় ছাত্রদল নেতারা শিবির সভাপতি ইব্রাহিম রনির কাছে গিয়ে মিছিলটি অন্যদিকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানান বলে দাবি করেন তিনি। ইয়াসিনের ভাষ্য, মিছিলে থাকা বহিরাগত কিছু কর্মী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাত্রদলের কর্মীরা তা প্রতিহত করেন।

অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ছাত্রদলের সভাপতি তাকে জানিয়েছিলেন, সেখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। তিনি তাদের আশ্বস্ত করেছেন, শিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করবেন না। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশের সময় শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে কেউ আহত হননি। প্রক্টরিয়াল বডি মধ্যস্থতা করার পর দুই পক্ষ নিজেদের মতো চলে যায়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top