চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০, উদ্ধার বিপুল মাদক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক সংক্রান্ত বিভিন্ন মামলায় ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানের ফলাফল জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযানে ৬ হাজার ২৩২টি ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ উদ্ধার করা হয়েছে।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭৪ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।

অন্যদিকে, অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top