শাটডাউন শেষে মঙ্গলবার ক্লাসে ফিরছে চুয়েট শিক্ষার্থীরা

চাটগাঁ নিউজ ডেস্ক: এক দিনের সর্বাত্মক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও স্বাভাবিক ধারায় ফিরছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের আন্দোলন ও ক্লাস বর্জনের কর্মসূচি শেষ হওয়ায় আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে তারা পুনরায় ক্লাসে ফিরছে।

এর আগে আজ সোমবার উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেছিল শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ রুটিন দায়িত্বের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

জানা যায়, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় ঢাকায় যাওয়ায় অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে রোববার বিক্ষোভ ও রাতে শাটডাউনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে দিনব্যাপী কর্মসূচি শেষে শিক্ষার্থী প্রতিনিধি যুলক্বার নাঈন মিহাদ জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৩ নভেম্বর থেকে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে ফিরছে।

এদিকে দীর্ঘদিনের বিভিন্ন আন্দোলন ও সাময়িক অচলাবস্থায় চুয়েটের শিক্ষা কার্যক্রমে কিছু স্থবিরতা দেখা দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে। তবে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার এই সিদ্ধান্তের ফলে স্থগিত হওয়া পরীক্ষাগুলো দ্রুত পুনর্বিন্যাস করে শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার পথ প্রশস্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সমঝোতা এবং সদিচ্ছার মাধ্যমে চুয়েট ক্যাম্পাসে দ্রুত পূর্ণাঙ্গ একাডেমিক পরিবেশ ও স্বাভাবিক গতিশীলতা ফিরে আসবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top