লোহাগাড়ায় বিষধর সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মুহাম্মদ সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সাপে দংশনের পর তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়ায় মূল্যবান সময় নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (২৮ জুন) সকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান মনু মিয়া চৌধুরীপাড়ার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে বাড়ির পাশেই একটি বিষধর সাপ সোহানকে দংশন করে। ঘটনার পর তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার শরণাপন্ন হন স্বজনরা। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার সকালে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইরফান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষধর সাপের কামড়ে আক্রান্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের মতে, বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top