ফয়’স লেকে সড়কের নিচে গ্যাস লিক, আগুনে আতঙ্ক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় সড়কের নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন স্থাপন করা ছিল। পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস বের হতে থাকলে একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। মুহূর্তেই সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে শুরু করলে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে চলাচলকারী যানবাহনও সতর্কতার সঙ্গে চলাচল করে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সাইফুল জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরিত হওয়ার পর সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী জানান, কীভাবে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top