উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের রেজু ব্রিজের উত্তর পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা ইকবালের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নামার পর প্রবল ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যান সায়েম। এরপর ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, বিচকর্মী ও স্থানীয়দের সমন্বয়ে ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার সকালে রেজু খালের পাশে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
জানা গেছে, শনিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ভ্রমণে এসে বন্ধু আরমানের সঙ্গে ইনানী নৌবাহিনীর জেটিঘাটের দক্ষিণ পাশের সৈকতে গোসলে নামেন সায়েম। একপর্যায়ে প্রবল ঢেউয়ের কবলে পড়ে তিনি সাগরে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
বিচকর্মী হেলাল উদ্দিন জানান, নিখোঁজ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয়। রবিবার সকালে রেজু ব্রিজের উত্তর পাশের একটি খালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। তিনি সমুদ্রসৈকতে গোসলে নামার সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
উদ্ধার করা মরদেহটি পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন





