মিরসরাইয়ে ডাকাতি থেকে রক্ষা পেল না পুলিশ কর্মকর্তার বাড়িও!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একের পর এক ডাকাতির ঘটনায় অতিষ্ঠ সেখানকার জনজীবন। সাধারণ মানুষ থেকে পুলিশ কেউ রক্ষা পাচ্ছে না ডাকাতির কবল থেকে। এবার এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতেও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ছয় ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, মুঠোফোন, কম্পিউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি দিয়ে ঘরের দরজা ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে তারা। এ সময় ডাকাতেরা ঘরের আলমারি তছনছ করে এবং পরিবারের নারীদের কান ও গলা থেকে ছয় ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

এ ছাড়া দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি বাটন মুঠোফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি মহোদয়সহ তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মতিন উল্লাহ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top