ক্যান্সারের কাছে হার মেনে কলকাতায় মারা গেলেন মাহফুজুল রোটন

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় হানিফ লেখেন, স্নেহের ছোট ভাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেলো (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোটনের এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি । দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাত দান করেন। ওর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি ।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে রোটনকে কলকাতার রুবি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই বছরের বেশি সময় ধরে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন তিনি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।

ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া রোটন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top