সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে সাইমন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকালে কমপ্লেক্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইমন বাড়বকুণ্ড ইউনিয়নের ২ নন্বর ওয়ার্ডের শুকলাল হাট ভায়েরখীল এলাকার মো. লোকমানের পুত্র এবং এলাকায় একজন চোর হিসেবে পরিচিত।
স্থানীয়দের ভাষ্যমতে, সাইমন শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে সম্ভবত চুরি করতে ঢুকেছিল। সেখানে চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মৃত্যুবরণ করে।
শনিবার সকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বাড়বকুণ্ড কেমিক্যাল কমপ্লেক্সে ভোরে বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে সাইমুন নামের এক যুবক মারা গেছে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ






