নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। যার মধ্যে ৪ শিশুসহ মোট ৮ জনই সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। একই সময়ে নতুন করে ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদন ও সীতাকুণ্ড প্রতিনিধির পাঠানো তথ্য থেকে বিষয়টি জানা গেছে।
নিহত ওই শিশুর নাম মো. ইয়াসিন আরাফাত (৩)। সে সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গামারীতলা গ্রামের ডা. আলিমুল্লাহ বাড়ির আবদুর রহমান রুবেলের সন্তান।
সীতাকুণ্ড প্রতিনিধির তথ্যমতে, গত বৃহস্পতিবার থেকে আরাফাতের শরীরে জ্বর হয়। পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ আসে। তাকে প্রথমে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আবস্থার অবনতি হলে চমেক হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকাল সাড়ে ৯ টার সময় তার মৃত্যু হয়।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর চট্টগ্রামে মোট ৫ হাজার ৩৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৮৪ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭ জন, জেনারেল হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জনের মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ






