মিরসরাইয়ে জব্দ ৪৫ লাখ টাকার প্লাস্টিক কাঁচামাল, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে সন্দেহ করা ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল জব্দ করেছে পুলিশ। জব্দ করা এসব কাঁচামালের ওজন ১৭ হাজার ৫৫০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সিদ্দিক হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ৭০২ বস্তা কাঁচামাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে কাঁচামাল ছিল।

পুলিশের দাবি, কাভার্ড ভ্যানটি থামানোর পর পাঁচ থেকে ছয়জন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তবে চালক সিদ্দিক হোসেনকে আটক করা হয়। উদ্ধার করা কাঁচামালের বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

পুলিশের প্রাথমিক ধারণা, সরকারি শুল্ক ও অন্যান্য কর ফাঁকি দিয়ে চীন থেকে এসব কাঁচামাল আনা হয়েছে।

এ ঘটনায় সিদ্দিক হোসেন, পলাতক আনিস রহমান সুলতান এবং অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি ও ২৫ডি ধারায় মামলা হয়েছে। পণ্য পরিবহনে ব্যবহৃত যশোর-টিএ-১১-৪৬১১ নিবন্ধনের কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কাঁচামালসহ কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়। পণ্যের উৎস এবং এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top