‘পাঠ্যবইয়ের পাশাপাশি এআই ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষ হতে হবে’
সাঈদ আল নোমান

চাটগাঁ নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত আন্তরিক। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রীতা দত্ত ও সালাহ্ উদ্দীন মোহাম্মদ রেজা।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী বক্তব্যে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের আহ্বায়ক ও জ্যেষ্ঠ শিক্ষক দীপন কান্তি দাশ স্বাগত বক্তব্যে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জারিগান, দেশাত্মবোধক গানের সঙ্গে দলীয় নৃত্য এবং বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রাক্তন অধ্যক্ষ মনোজ কুমার দেবের রচনা ও সুরে প্রবর্তকের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক বৃন্দ আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মুক্তা দত্ত ও জ্যেষ্ঠ শিক্ষক সীমা রানী দেব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাঈদ আল নোমান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top