চাটগাঁ নিউজ ডেস্ক : ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ কে এম হুমায়ূন কবির।
বাংলাদেশে ছানা ও পনির উৎপাদনের পর বিপুল পরিমাণ ছানার পানি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, যা পরিবেশদূষণ ও মূল্যবান সম্পদের অপচয় ঘটায়। অথচ এই ছানার পানিতে ল্যাকটোজ, উচ্চমানের প্রোটিন, সামান্য চর্বিসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এ সমস্যা সমাধানে অধ্যাপক ড. এ কে এম হুমায়ূন কবিরের নেতৃত্বে গবেষকেরা ‘দুগ্ধ উপজাত (ছানার পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ গাঁজনকৃত পানীয় তৈরি করা হয়েছে।
অধ্যাপক হুমায়ূন কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর আনুমানিক ৭-৮ মিলিয়ন টন ছানার পানি উৎপন্ন হয়। এর একটি উল্লেখযোগ্য অংশ যথাযথভাবে ব্যবহার না হওয়ায় পরিবেশদূষণ ও পুষ্টির অপচয় ঘটায়। তার গবেষণা শুধু পানীয় উদ্ভাবনেই সীমাবদ্ধ নয়; ছানার পানির বহুমুখী ব্যবহার ও মূল্য সংযোজনের লক্ষ্যে তার নেতৃত্বে আনারস ও পেঁপের প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে রিকোটা-ধরনের পনির তৈরির গবেষণাও পরিচালিত হচ্ছে। এতে ছানার পানির পাশাপাশি আনারসের ফেলে দেওয়া অংশের কার্যকর ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
গবেষণাটি ২০২৫ সালে একটি স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়। উদ্ভাবনটি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ ও উপস্থাপিত হয়েছে। ইতোমধ্যে এ প্রযুক্তির ওপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার ২০০ জনের বেশি খামারি ও উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা পর্যায়ে পানীয়টির উৎপাদন শুরু হয়েছে।
প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর ২০২৬ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরোনো বাণিজ্যমেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করার কথা রয়েছে।
২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত অধ্যাপক হুমায়ূন কবিরের ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার একক-লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ ২০২৪ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সিআরসি প্রেস থেকে প্রকাশিত হয়। বইটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ায় উচ্চশিক্ষার পাঠদানে ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক মহলে পরিচিতি পেয়েছে। পাশাপাশি তিনি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ও টেলিভিশনে শিক্ষা, গবেষণা, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ে নিয়মিত লেখালেখি ও আলোচনা করেন এবং আন্তর্জাতিক গবেষণা সাময়িকীর সম্পাদকীয় কার্যক্রমেও যুক্ত রয়েছেন।
তার এই অর্জন প্রসঙ্গে সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, ‘এ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সমুন্নত করবে।’
চাটগাঁ নিউজ/এসএ






