ফটিকছড়িতে খেলায় বিরোধের জেরে কিশোরকে ছুরিকাঘাত

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিয়ে বিরোধের জেরে আসাদুজ্জামান নামে এক কিশোরের বুকে ছুরিকাঘাত করেছে রাকিব নামে আরেক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজল বারী চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান ওই এলাকার মঈন উল্লাহ আশেকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সেখানে কী হয়েছে জানতে চাইলে রাকিব নামে এক কিশোর আসাদুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোর অপর কিশোরকে বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top