চট্টগ্রামে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে মতবিনিময় সভা

চাটগাঁ নিউজ ডেস্ক: “ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা গত ২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চকবাজারের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “এজেন্টস অব চেঞ্জ: স্ট্রেংদেনিং ফোর্ব (FoRB) এনগেজমেন্ট ইন পোস্ট-ইলেকশন বাংলাদেশ” প্রকল্পের আওতায় দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই সভাটি আয়োজন করে ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটি।

ফোর্ব চট্টগ্রাম জেলা কমিটির সমন্বয়কারী এ ওয়াই এম ডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির যুগ্ম সমন্বয়কারী প্রকৌশলী শুভ্র দেব কর। সভা সঞ্চালনা করেন ফোর্ব সংসদীয় বিশেষজ্ঞ দিলীপ কুমার সরকার। আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক পর্যায়েও সম্প্রীতির চর্চা প্রয়োজন।

সহনশীলতা ও সমমর্যাদার পার্থক্য তুলে ধরে তিনি বলেন, “সহনশীলতা ও সমমর্যাদা এক জিনিস নয়।” সহনশীলতা মানে অনুগ্রহ, আর কোনো নাগরিক কোনো দেশে অন্যের অনুগ্রহে চলতে পারে না। সমমর্যাদায় জীবন কাটানোর মতো পরিস্থিতি ও পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তাঁরা হলেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও আহাম্মেদুল আলম চৌধুরী রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান হেলালি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), মহানগর কমিটির দপ্তর সম্পাদক রাফসান জনি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী ও চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক আল মিজান মোহাম্মদ নোহেল, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) জাতীয় কমিটির সদস্য মিতুল দাশ গুপ্ত, গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি রঞ্জিত সিকদার।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতি, চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সুজন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহার, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী নওরিন তাসনিয়া খান মাইশা এবং ফোর্ব ইয়ুথ নেটওয়ার্ক, চট্টগ্রামের যুগ্ম সমন্বয়কারী তন্ময় দাশ। ফোর্ব সদস্য অশোক চক্রবর্তী, অ্যাডভোকেট শাহাজাদী ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, বার্নার্ড বানুরী, সাজ্জাদ হোসেন ভূঁইয়া ও সোমা মুৎসুদ্দিও অনুষ্ঠানে অংশ নেন।

প্রেস বিজ্ঞপ্তি/এফ এস

Scroll to Top