রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরি লোহার শটগান ও দুইটি কার্তুজসহ জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমান রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার রমজান আলী ড্রাইভারের বাড়ির মৃত রাশেদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাউজান থানা পুলিশের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এসআই) মো. জান্নাতুন নাঈম রাজনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই তানভীর জানান, অভিযানকালে ব্যাপারী পাড়ায় জনৈক আবুল কালামের বাড়ির সামনে পাকা রাস্তা সংলগ্ন ঝোপের পাশ থেকে জাহেদুল ইসলাম রিমন ওরফে আইমানকে গ্রেফতার করেন। পরে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি লোহার তৈরি দেশীয় শটগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। রাত আড়াইটায় উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।
এ ঘটনায় রাউজান থানায় ২৪ নভেম্বর মামলা নম্বর ১৩, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯এফ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে।
চাটগাঁ নিউজ/জয়নাল/জেএইচ






