মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে এলাকার লোকজন বেড়িবাঁধ সংলগ্ন স্থানে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের নাম সাকিব (২৬)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে লোকজন বেড়িবাঁধ এলাকায় গেলে সাকিবের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়।

প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা, সাকিবকে দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top