রাউজানে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আজগর (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের মৌলানা এজাবত উল্লাহ (রহ.) দরগাহ সংলগ্ন হাফেজ বজলুল রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজগর একই এলাকার মৃত হাফেজ সালামত উল্লাহর ছেলে।

নিহতের নিকটাত্মীয় মো. মহসিন জানান, ওই রাতে আজগরের ছোট ছেলে মো. ফরমানের বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে আত্মীয়-স্বজনদের নিয়ে পশ্চিম গুজরার কনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় দরগাহ সংলগ্ন একটি দোকান থেকে কেনাকাটা শেষে সড়ক পার হয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।

বুধবার সকাল ১১টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন

Scroll to Top