মহেশখালী প্রতিনিধি: কক্সবাজার থেকে অপহৃত চার বছরের শিশু আলভী হোসেনকে মহেশখালী উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী রুপবানুকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া আলভী হোসেন কক্সবাজার শহরের জেলগেইট এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে। রবিবার (৭ জুন) বিকেলে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আলভী হোসেন নিখোঁজ হলে তার পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একটি বিশেষ টিম গঠন করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, শিশুটিকে মহেশখালী এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। একই সময়ে শিশুটির মায়ের কাছে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়।
এরপর কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নির্দেশনায় এবং মহেশখালী থানার সহযোগিতায় এসআই উত্তম কুমার ও এসআই রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া এলাকার একটি পাহাড়ি স্থান থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের মূল অভিযুক্ত রুপবানুকেও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার বাড়ি উখিয়ার কুতুপালং এলাকায় বলে জানিয়েছেন।
পুলিশ জানায়, অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও কোনো অর্থ লেনদেনের আগেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






