চাটগাঁ নিউজ ডেস্ক: প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। নিরাপত্তার স্বার্থে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে না নেমে পুনরায় ঢাকায় ফিরে যায়।
মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, বিমানবন্দর এলাকায় ঘণ্টায় প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ায় অবতরণে ঝুঁকি সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইট BS350 এবং এয়ার আরাবিয়ার শারজাহ থেকে চট্টগ্রামগামী ফ্লাইট G9-526 ঢাকায় ডাইভার্ট করা হয়।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে চট্টগ্রামগামী BG121 ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ না করে পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগমন ও বহির্গমন করা প্রায় সব ফ্লাইটই নির্ধারিত সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/এমকেএন





