কাপ্তাইয়ে অতিবর্ষণে সড়কে গাছ উপড়ে পড়ে ও পাহাড়ধসে যান চলাচল বন্ধ

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা অতিবর্ষণের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের একটি অংশে গাছ উপড়ে পড়ে এবং পাহাড়ধসের ঘটনায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুচরা এলাকায় এ ঘটনা ঘটে। সড়কের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে এবং একই সঙ্গে পাহাড়ের মাটি ধসে পড়ে রাস্তা ঢেকে যাওয়ায় সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। তারা জানান, সোমবার রাত থেকে টানা বৃষ্টির কারণে গাছ উপড়ে পড়ে এবং পাহাড়ধসের সৃষ্টি হয়। এতে সড়কের উভয় প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কারের কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাপ্তাই ফায়ার সার্ভিস, বন বিভাগ, পিডিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে গাছ ও ধসে পড়া মাটি সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন।

এদিকে টানা বর্ষণের কারণে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top