চাটগাঁ নিউজ ডেস্ক: ফটিকছড়ি উপজেলায় একটি বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ধরা পড়ার পর পালাতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ নয়ন (৩৫) নামে এক যুবক।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার ঝংকার এলাকার খাস মোহাম্মদ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নয়নের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি থানার পজুরী কাট্রি এলাকায়। তিনি মোহাম্মদ শাহেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে নয়ন ওই বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে তিনি ধরা পড়ার আশঙ্কায় পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনতলা ভবনের ছাদ থেকে লাফ দিলে গুরুতর আহত হন।
জানা যায়, নয়ন এর আগে ওই বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করেছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত নয়নকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





