চাটগাঁ নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে রেললাইনে পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় দীর্ঘ সময় আটকা পড়ে। পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ষোলশহর–জানালিহাট সেকশনে ট্রেনটি আটকে যায়। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর বিকেল ৪টা ১৭ মিনিটে ট্রেনটি ব্যাক করে ষোলশহরের দিকে রওনা দেয় এবং বিকেল ৪টা ৩২ মিনিটে ষোলশহর স্টেশনে পৌঁছায়।
ষোলশহর স্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে প্রায় ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইনে পানি জমে যাওয়ায় ট্রেনটি আর সামনে এগোতে পারেনি।
তিনি বলেন, ট্রেনটি নিরাপত্তার স্বার্থে পিছিয়ে ষোলশহর স্টেশনে আনা হয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস।
এদিকে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারি বৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন ও যান চলাচলে ব্যাপক দুর্ভোগ দেখা দেয়।
চট্টগ্রাম রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ সিপ্লাস টিভিকে জানান, প্রায় সাড়ে ৩ ঘন্টা পর রেল লাইনে পানি উঠায় আটকে থাকা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনকে ফিরিয়ে আনা হয়েছে ষোলশহর স্টেশনে। একই কারণে ৮২২ ডাউন প্রবাল এক্সপ্রেসও দোহাজারি স্টেশনে দীর্ঘ সময় আটকে ছিল। ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে দোহাজারি স্টেশনে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট অবস্থান করার পর বিকেল ৪টায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির পানি সরে গিয়ে রেললাইন নিরাপদ হলেই কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেসের যাত্রা পুনরায় শুরু করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





