চাটগাঁ নিউজ ডেস্ক: টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল রহমানের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, দেয়াল ধসে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত চারজনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন।
এর আগে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন তিন দিন ধরে মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছিল। সতর্কতার মধ্যেই দেয়াল ধসে প্রাণহানির এ ঘটনা ঘটল।
এদিকে অব্যাহত বর্ষণে মঙ্গলবারও চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধতায় ডুবে যায়। অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়ে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, বৈরী আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এখনও বহাল রয়েছে। সংকেত প্রত্যাহার হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ






