পানির এটিএম বসাতে চট্টগ্রাম ওয়াসার চুক্তি

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পানি সংকটাপন্ন ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছে নিরাপদ ও সাশ্রয়ী পানি পৌঁছে দিতে চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাঁচ বছরের এ অংশীদারিত্বের আওতায় নগরীতে আরও ৯৪টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, বর্তমানে ড্রিংকওয়েল পরিচালিত ছয়টি পানির এটিএম বুথের পাশাপাশি পর্যায়ক্রমে আরও ৯৪টি বুথ স্থাপন করা হবে।

ওয়াসার পাম্প বা সরবরাহ লাইনের পানির গুণগত মান মূল্যায়ন করবে ড্রিংকওয়েল। প্রয়োজন হলে অতিরিক্ত পানি শোধন ব্যবস্থাও নেওয়া হবে। বুথ স্থাপনের জন্য ওয়াসা জমি সহায়তা দেবে এবং মূলধনী যন্ত্রপাতির ব্যয় বহন করবে ড্রিংকওয়েল।

অনুষ্ঠানে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পানির এটিএম বুথ শুধু পানি সরবরাহের ব্যবস্থা নয়, প্রয়োজনের জায়গায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ।

বর্তমানে ছয়টি বুথ পরিচালনা করে জনগণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য গভীর নলকূপ এবং লবণাক্ততাপ্রবণ এলাকায় রিভার্স অসমোসিস প্রযুক্তিতে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ওয়াসার বিলিং ব্যবস্থা উন্নত করতে বিলিং অ্যাপস তৈরি এবং পানির লাইন সম্প্রসারণসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে ওয়াসা ও ড্রিংকওয়েলের সহযোগিতা আরও শক্তিশালী হবে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।

অনুষ্ঠানে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক শারমিন আলম, বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top