চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার জন্যও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।
এর আগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেন। সোমবার (৭ সেপ্টেম্বর) তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও জানানো হয়, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে।
এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





