বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক মাঠকর্মী নিখোঁজ হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে অফিস থেকে কিস্তির টাকা আদায়ের জন্য বের হওয়ার পর থেকে মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল (৩৭) নামে ওই কর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল খুলনার কয়রা এলাকার বিপন্ন মণ্ডলের ছেলে। তিনি বিআরডিবির রুমা উপজেলা কার্যালয়ে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রুমা সদরের অফিস থেকে পাইন্দু ইউনিয়নের আলেচু পাড়ায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে বের হন মৃত্যুঞ্জয়। এরপর তিনি আর অফিসে ফেরেননি। এমনকি পরিবারের সঙ্গেও যোগাযোগ করেননি। তার মোবাইল ফোন বন্ধ থাকায় সহকর্মী ও পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
বিআরডিবির রুমা উপজেলা কর্মকর্তা পলাশ চাকমা জানান, আলেচু পাড়ায় যাওয়ার কথা বলে শনিবার সকালে অফিস থেকে বের হন মৃত্যুঞ্জয়। তবে তিনি ওই পাড়ায় গিয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবারের সঙ্গেও তিনি এখন পর্যন্ত যোগাযোগ করেননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কেউ মৃত্যুঞ্জয়কে অপহরণ বা মুক্তিপণের জন্য কোনো অর্থ দাবি করেনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, নিখোঁজ মৃত্যুঞ্জয়ের মোবাইল ফোনের অবস্থান শনিবার দুপুর ২টা পর্যন্ত রুমায় ছিল। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তাকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





