চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ব্যক্তি হলেন হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকার আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৪৬)। এ ঘটনায় তার ছেলে হারুন জড়িত বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাসেমের মৃত্যু হয়।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) হ্নীলা ইউনিয়নের হামজারছড়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে হারুন তার বাবাকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। এতে গুরুতর আহত হন আবুল কাসেম।
পরে স্থানীয়ভাবে তাকে হ্নীলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





