আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে চক্ষু শিবির আয়োজনকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মো. ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ফিরোজ মাহমুদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বায়েজিদ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিস্ট সংশ্লিষ্টতা এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সুস্পষ্ট অভিযোগ পাওয়ায় ফিরোজ মাহমুদের দলীয় পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিন কাদেরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পদ স্থগিতের বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ জানান, রবিবার ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ মাহমুদ সদ্য কারামুক্ত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মামুনের সহযোগিতায় চক্ষু শিবিরের আয়োজন করেন।

ওই অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব জমির উদ্দিন নাহিদকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আয়োজনটি নিয়ে সন্দেহ দেখা দিলে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

পরে চক্ষু শিবিরটির সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। বিষয়টি জানার পর তারা অনুষ্ঠানে অংশ নেননি বলে জানান জমির উদ্দিন নাহিদ।

তিনি বলেন, অভিযোগের বিষয়টি যাচাই করে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ফিরোজ মাহমুদের পদ স্থগিত করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top