ডেঙ্গুতে চট্টগ্রামে প্রাণ গেল আরও দুজনের, আক্রান্ত ৮৭

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে দিন দিন বাড়তেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ মারা যাওয়া দুজনের একজন চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এবং অপরজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে।

চমেক হাসপাতালে মারা যাওয়া অর্পিতা (২৬) কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। তিনি ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া শামসুন নাহার খানমের বয়স ৫০ বছর। তিনি নগরের আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা। ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর জরুরি বিভাগেই তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির আগেই পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ১০ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চমেক হাসপাতালে ১০৫ জন, বিআইটিআইডিতে ৩৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, সিএমএইচে ৪ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭৩ জন।

ফলে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও জোরালো হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top