হালিশহরে ৮ বছরের শিশুকে ধর্ষণ: আসামির আমৃত্যু কারাদণ্ড

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছেন। এর ভিত্তিতেই তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা কর্মস্থলে চলে যাওয়ার সময় মেয়েকে পাশের একটি বাসায় রেখে যান। ওই সময় শিশুটি একা ছিল। এই সুযোগে মজিবর মৃধা তাকে প্রলোভন দেখিয়ে পাশের একটি বাসায় নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।

পরদিন শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। প্রচণ্ড ব্যথায় শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top