খুলশি থানার ওসি-এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
লুটপাট ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: লুটপাট ও ভাঙচুরের অভিযোগ এনে নগরীর খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুই এসআইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে মো. জাবেদ (৬৬) নামের এক ব্যক্তি। যিনি সম্পর্কে ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগার পিতা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। যেখানে প্রধান আসামি করা হয়েছে নগরীর  খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে। এতে আরো আসামি করা হয়েছে খুলশি থানার এসআই (নিরস্ত্র) মো. শাহ পরান ও এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেনসহ মোট আটজনকে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, খুলশি থানার ওসি মোহাম্মদ আবদুর রহিমের প্রত্যক্ষ নির্দেশনায় এবং উক্ত দুই এসআইয়ের প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় গত ৪ সেপ্টেম্বর ভোরে বিবাদীগণ বাদীর ঘরে হামলা-লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি জানতে চাইলে বাদী মো. জাবেদ চাটগাঁ নিউজকে বলেন, খৃুলশি থানার ওসির নেতৃত্বে আমার ছেলে ওয়াকিলকে ধরার বাহানা করে তারা আমার ঘরে অবাধে লুটপাট চালিয়েছে। এছাড়া মামলা করলে তারা জানে মেরে ফেলারও হুমকি দিয়েছে। এমতাবস্থায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি।

তবে মামলার বিষয়টি অবগত নন জানিয়ে ওসি মোহাম্মদ আবদুর রহিম চাটগাঁ নিউজকে বলেন, আমি এখনও কোনো কাগজপত্র পাইনি। তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

প্রসঙ্গত গত ২৯ আগস্ট নগরীর পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়। মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাকে আসামি করা হয়। মামলা হওয়ার পর গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ভোররাত সাড়ে চারটার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর করে।

পরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়। যে মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top