ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি ডাবা হারুন গ্রেপ্তার

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি মো. হারুন প্রকাশ ‘ডাবা হারুন’কে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর রাতে মানিকপুরের শফির টিলায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত আসামি ডাবা হারুনের নাম-ঠিকানা শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, ডাবা হারুনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া কাঞ্চননগরের সাদ্দাম হত্যা মামলাতেও তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top