বান্দরবানের রুমায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ঘটনাটি উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তংমক পাড়া এলাকায় বলে জানা গেছে।

ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, প্রায় চার মাস আগে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে তাকে একা পেয়ে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ক্যসিংনু মার্মার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

মান-সম্মানের ভয়ে কিশোরী এতদিন বিষয়টি পরিবারের কাউকে জানায়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ঘটনার প্রায় চার মাস পর অভিযুক্তরা তাকে গর্ভপাত করালে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে প্রকাশ করে কিশোরী।

পরে গত ৮ সেপ্টেম্বর তাকে চিকিৎসার জন্য প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রবিবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে রুমা থানায় চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়।

মামলার আসামিরা হলেন—একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা, উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা।

ভুক্তভোগীর পরিবারের দাবি, আসামিরা কিশোরীকে জিম্মি করে বিভিন্ন সময় ধর্ষণ করেছেন। ভয় ও লজ্জার কারণে এতদিন সে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করেনি।

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, প্রায় চার মাস আগে রুমা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুমা থানায় মামলা হয়েছে। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন

Scroll to Top