চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে এসিড পান করার পর চিকিৎসাধীন অবস্থায় রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা। তিনি মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় তার একটি স্বর্ণের দোকান ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত প্রায় ৮টার দিকে নিজের জুয়েলারি দোকানে থাকা অবস্থায় রাজীব এসিড পান করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





