চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম কাস্টমসের সার্ভারে অবৈধ অনুপ্রবেশ, জাল কাস্টমস নথি তৈরি এবং অসত্য ঘোষণার মাধ্যমে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিগারেট চোরাচালানের ঘটনায় জড়িত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেপ্তার হওয়া শেখ সেজান (২৬) নেপালে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় আটক হন।
পুলিশ জানায়, তদন্তে উঠে এসেছে, সংঘবদ্ধ চক্রটি চীন থেকে বন্ড সুবিধায় শুল্কমুক্ত ফেব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে অন্তত ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ এবং পৃথক ঘটনায় প্রায় ৫০ লাখ শলাকা বিদেশি সিগারেট আমদানির চেষ্টা করে। এতে সরকারের প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়।
তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, শেখ সেজান তথ্যপ্রযুক্তিগত সহায়তা দিয়ে কাস্টমসের ASYCUDA World System এবং বন্দর-সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে অননুমোদিত প্রবেশ, অন্যের ইউজার আইডি ব্যবহার, পাসওয়ার্ড পরিবর্তন এবং এলসি নিবন্ধন ও ওপেনিং কার্যক্রমে ভূমিকা রাখেন।
পুলিশের দাবি, ডিজিটাল আলামত বিশ্লেষণে তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এর আগে তার বাড়ি থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যা এসব কার্যক্রমে ব্যবহৃত হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
সিএমপি জানায়, শেখ সেজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাইবার অপরাধ ও প্রতারণার সাতটি মামলা রয়েছে। এর আগে তিনি সরকারি ওয়েবসাইট ক্লোনিং, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, ভূমি উন্নয়ন করের রসিদ ও টিকা সনদ জালিয়াতির অভিযোগেও গ্রেপ্তার হয়েছিলেন।
এ ঘটনায় এর আগে সিএন্ডএফ প্রতিষ্ঠান হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড-এর পরিচালক, চেয়ারম্যান, কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





