বান্দরবানে অবৈধ অনুপ্রবেশ: মিয়ানমারের দুই নাগরিকসহ গ্রেপ্তার ৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করেছে থানচি থানা পুলিশ। এর আগে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬-এর ১৩ ও ১৪ ধারা অনুযায়ী অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পরে আজ শুক্রবার (১৭ জুলাই) এ ঘটনায় থানচি থানায় মামলা দায়ের করে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের মংডু উপজেলার এলাকার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো’র আপন ছোট ভাই।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ

Scroll to Top