মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মহেশখালী প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় তানজিমা হাকিম আয়াত (৭) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় সে প্রাণ হারায়।

নিহত তানজিমা হাকিম আয়াত কালারমারছড়ার আঁধারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী, নোনাছড়ি এলাকার আইয়ুব আলী কন্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু আহমেদ।

স্থানীয়রা জানায়, একপর্যায়ে শিশু তানজিমা সড়ক পারাপারের চেষ্টা করলে দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা জানান, ওই সড়কে প্রায়ই যানবাহন বেপরোয়াভাবে চলাচল করে এবং স্কুল সংলগ্ন হওয়ায় সেখানে সবসময়ই মানুষের ভিড় থাকে। বিশেষ করে শিশুদের চলাচল বেশি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা টমটম গাড়িটি জব্দ করে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top