চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলীতে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।
একই ঘটনায় মো. রুবেল (৩০) নামে অপর এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়িও বাঁশখালীর বৈলছড়ী এলাকায় বলে জানা গেছে।
নিহত ও আহত দুজনই দুর্ঘটনাকবলিত দুই সিএনজিচালিত অটোরিকশার চালক। দুর্ঘটনার সময় সিএনজি দুটিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি দুটি বাঁশখালী থেকে মইজ্জ্যারটেকের দিকে আসছিল। পথে পটিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সিএনজি দুটিকে ধাক্কা দিলে সেগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয়।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের বলেন, বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এসএ





