বিয়ের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই: তানজিন তিশা

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দলকে ঘিরে তারকাদের উচ্ছ্বাস, নানা ভবিষ্যদ্বাণী এবং মজার প্রতিশ্রুতি সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে সেই প্রচলিত ধারা থেকে নিজেকে আলাদা রাখলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক হলেও প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের কোনো সিদ্ধান্তকে জড়াতে চান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিশা বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক হয়েছেন মূলত বাবার প্রভাবেই। তার ভাষায়, বাবা আর্জেন্টিনাকে সমর্থন করতেন বলেই ছোটবেলা থেকে তিনিও একই দলের সমর্থক। এমনকি এবারের আসরে তিনি আর্জেন্টিনার জার্সি পরে কোনো ছবিও সামাজিকমাধ্যমে প্রকাশ করেননি বলেও জানান।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি কি বিয়ে করবেন? এমন প্রশ্নে বিস্ময় প্রকাশ করে হাস্যরসের সুরে তিশা বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’

তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, খেলার প্রতি সমর্থন আর ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তিশার বক্তব্যেও সেই বার্তাই স্পষ্টভাবে উঠে এসেছে।

উল্লেখ্য, এর আগে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি মজার ছলে সামাজিকমাধ্যমে লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ সেই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই আর্জেন্টিনা সমর্থক তারকাদের কাছে এমন প্রশ্ন বেশি করা হচ্ছে। তবে তানজিন তিশা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রিয় দলের সাফল্যের সঙ্গে তার বিয়ের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top