চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা দিয়েছে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসটির চালক, সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বিএসআরএম বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিএসআরএম বাইপাস এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি সেটিকে অতিক্রম করতে গেলে কাভার্ড ভ্যানের একটি অংশ বাসের চাকার সঙ্গে আটকে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে চালক, তার সহকারী এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের বাস থেকে বের করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস এবং সড়কের ওপর পড়ে থাকা গাছপালা সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি আকস্মিকভাবে ইউটার্ন নেওয়ার সময় এর সামনের অংশ বাসের চাকার সঙ্গে আটকে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন তিতাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী দল ও একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাদিম বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বলে ধারণা করা কাভার্ড ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়। তবে বাসটি গাছে ধাক্কা দেওয়ার ফলে সড়কে গাছ পড়ে সাময়িক যানজট সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





